আড়ংয়ের ট্রায়াল রুমে গোপনে ভিডিও, যুবক গ্রেফতার

রাজধানীর আড়ংয়ের বনানীর শাখার ট্রায়াল রুমে গোপনে ভিডিও করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম সজীব নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতার যুবক আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী।

সম্প্রতি এই যুবকের বিরুদ্ধে আড়ংয়ের ট্রায়াল রুমে গোপন ভিডিও করার অভিযোগ আনেন এক তরুণী। ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির সাইবার ক্রাইম সূত্র জানায়, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় ২৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই তরুণী।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করে বলেন, গত ১১ জানুয়ারি রাতে বনানীর আড়ংয়ের সাবেক সহকর্মী সজীব তার ফেসবুক ম্যাসেঞ্জারে ওই ট্রায়াল রুমে আমার পোশাক পরিবর্তনের ভিডিও পাঠান। পরে নানা কু-প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করেন। প্রস্তাবে রাজি না হলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন সজীব।

পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করে ঘটনার সত্যতা পায় সাইবার ক্রাইম। তার কাছ থেকে ওই তরুণীসহ আরও কয়েকজনের গোপন ভিডিও পাওয়া যায়।

সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে আড়ং স্ব-উদ্যোগে আমাদের কাছে এসে বিষয়টি অবহিত করেছে। তারা আসামির বিষয়ে সবধরনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করেছে। বর্তমানে ওই আসামিকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.