সোনারগাঁয়ে ঘরে ঢুকে দুই সন্তানের জননীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে দুই সন্তানের জননীকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত শাহিনকে গ্রেফতার করে। গ্রেফতার শাহীন উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই নারী উপজেলার সাদিপুর ইউনিয়নে ভারগাঁও চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী রূপগঞ্জের রূপসী এলাকায় একটি জামদানি কারখানায় কাজ করেন। তিনিও জামদানি কারিগর। প্রতি সপ্তাহে দু-একদিন বাড়িতে আসেন তার স্বামী। গত ১২ ডিসেম্বর রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যান। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা শাহীন তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শাহীন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রামবাসীর কাছে বিচার দাবি করে না পেয়ে বুধবার সকালে ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ধর্ষণের অভিযোগে শাহিন নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.