যে কারণে কোটি টাকার কলা খেয়ে ফেললেন শিল্পী

বাংলাদেশি টাকায় ১ কোটি টাকার বেশি মূল্যের এক শিল্পকর্ম খেয়ে ফেলেছেন নিউইয়র্কের শিল্পী ডেভিড ডাটুনা।

তিনি দাবি করেছেন, তিনি ক্ষুধার্ত হওয়ায় গ্যালারির দেয়ালে লাগানো কলাটি খেয়ে ফেলেছেন।

কমেডিয়ান শিরোনামের কলার ওই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির সমুদ্র সৈকতে আর্ট বাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল।

গত সপ্তাহে তিন ক্রেতা এক লাখ ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি) মূল্যে শিল্পকর্মটি কিনেছিলেন। কিন্তু পারফরম্যান্স আর্টিস্ট ডাটুনা গ্যালারির দেয়াল থেকে তা খুলে গত শনিবার খেয়ে ফেলেন।

ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, আমার আর্ট পারফরম্যান্স। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্ম পছন্দ করি। এই প্রদর্শন আমার সত্যিকার অর্থেই পছন্দ হয়েছে। এটি ছিল খুব সুস্বাদু।

ঘটনার পর প্রথমে গ্যালারির কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও পরে দেয়ালে নতুন কলা লাগানো হয়েছে। ডেভিডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে ঘটনাটি শিল্পকর্মের জন্য নতুন অর্থ হাজির করেছে বলে দাবি করেছেন গ্যালারির প্রতিষ্ঠাতা এমানুয়েল পেরোটিন। তিনি বলেছেন, মৌরিজিওর কাজ শুধু বস্তুর বিষয়ে নয়, তার কাজ হলো বস্তু কীভাবে স্থানান্তরিত হয়।

শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। যে চুক্তিতে শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে তাতে শিল্পী আরেকটি সংস্করণ পুনরায় মালিককে বুঝিয়ে দিতে পারবেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.