নুরের মতো ফালতু ছেলেকে ডাকসুতে ঢুকতে দেব না: রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরকে আর ডাকসুতে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির জিএস গোলাম রাব্বানি। রোববার (২২ ডিসেম্বর) বহিরাগতদের নিয়ে ভিপি নুরুল হক নুর ডাকসুতে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানি এ কথা বলেন।

সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে গোলাম রাব্বানী আরও বলেন, নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে আনেনি। একেবারে বাইরে থেকে নিয়ে এসেছে। তারা কিভাবে রড-চাপাতি নিয়ে ডাকসুতে ঢুকলো। আমাদের কথা হলো মারামারি করলে নুর করুক, তার লোকজন নিয়ে বাইরে করুক। সে ডাকসুকে ব্যবহার করে ডাকসুর মধ্যে বহিরাগতদের এনে অস্ত্রসহ কেন ঢুকবে? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, বহিরাগতদের নিয়ে তো তার আসার কথা না। সে আমাদের তো বলবে। যদি আমাদের বলার পর প্রতিকার না পেতো, সে আক্রান্ত হলে ডাকসুর যে বডি তাকে সেভ করতে না পারতো, তাহলে তার দায়ভার আমরা নিতাম।

অভিযোগ করে রাব্বানি বলেন, আধলা ইট-এগুলো জড়ো করে ডাকসুতে অবস্থান নিয়েছে। ডাকসুর কাচ ভেঙেছে, ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নুর যদি ক্ষতিগ্রস্ত হতো- সে আমাদের ডাকসুর সর্বোচ্চ পদে আছে- ডাকসু বডির সঙ্গে যোগাযোগ করতো। তারপরও যদি হামলা হতো তাহলে তার দায়ভার আমরা নিতাম। কিন্তু সে ডাকসুতে সন্ত্রাসী স্ট্যাইলে বহিরাগতদের নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত- নুরের মতো একটা ফালতু ছেলেকে ডাকসুতে আর ঢুকতে দেব না। তাছাড়া সে ডাকসুর কোনো কাজই করে না বলেও মন্তব্য করেন গোলাম রাব্বানী।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.