কবি ও সাহিত্যিক সালেহা চৌধুরী ও কবি গোলাম কবির কবি খাতুনে জান্নাতের কবিতা গ্রন্থ জীবনের কাছে ফিরে’ নিয়ে ব্যক্ত করেছেন পাঠ প্রতিক্রিয়া..
খাতুনে জান্নাত
খাতুনে জান্নাতের কবিতা গ্রন্থ ” জীবনের কাছে ফিরে ” / সালেহা চৌধুরী… . ” তৃতীয় বাংলার নির্বাচিত কবি ও কবিতা” গ্রন্থটি হাতে পাই। দায়িত্ব দেয়া হয়েছিল গ্রন্থটির একটি সমালোচনা লিখার। সবগুলো কবিতাই ভালো। তবে পরীক্ষা নীরিক্ষার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা ভালো। এভাবে পরীক্ষা নীরিক্ষা করতে করতেই আমরা জেনে যাব আমাদের সঠিক জীবন বোধ ও আত্মার রূপরেখা। খাতুনে জান্নাত কে তখনো ভালো করে জানি না। ” তৃতীয় বাংলার নির্বাচিত কবি ও কবিতা” থেকে ওর কবিতা পড়তে শুরু করি। বলা বাহুল্য আনন্দ পাই। সেখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুণা নামের একটি মেয়েকে নিয়ে কবিতা আছে। বরুণার প্রতি পক্ষপাত আর কবির প্রতি কটাক্ষপাত রয়েছে। মাংসের গন্ধের জন্য বরুণা কি নিজে দায়ী! কারা তাকে মাংসময়, স্বাদুময় করে দোসটা হয়তো তাদের। এখানে সুনীল গঙ্গোপাধ্যায় নাই থাকলে হয়তো তিনি জবাব দিতে পারতেন। খাতুনে জান্নাতের কবিতায় তার নিজস্ব চিন্তা রয়েছে। আমরা সবসময় মৌলিক চিন্তার কাছে কৃতজ্ঞ। তাঁর লেখার কৌশল ও বিন্যাস সুন্দর। তিনি পরীক্ষা নীরিক্ষা নিয়ে ভাবেন না, কবিতার শর্ত মানেন। যেখানে শব্দ, ভাব, প্রতীক, দৃশ্যকল্প, উপমা, উৎপ্রেক্ষার বিন্যাসে তাঁর কবিতা সত্যিই মনোগ্রাহী ও হৃদয়গ্রাহ্য হয়ে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিব কে নিয়ে লেখা তাঁর ‘পরিচয়’ কবিতার কয়েকটি লাইন এখনো মনে আছে– তুমি যখন বাদল হয়ে আগলে রাখো মৃত্তিকা কে, ছায়াতরু হয়ে ধরে রাখো দুপুরের নির্জনতা/ পিতা হয়ে এক জাতির সামনে তুলে ধরো তার পতাকা/ তখন বেদনায়ও রাঙা হয় মন। ” দিনান্তে দেখা হলে’ খাতুনে জান্নাত এর প্রথম কাব্যগ্রন্থ। তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ” জীবনের কাছে ফিরে’। গ্রন্থটির নামকরণেই আমরা জানতে পারি তিনি কি পেতে চান। কবিতা কোনদিকে ধাবিত! একটু থিতু হয়ে বসা, জীবনের প্রতি আস্থা, আশা এমন একজন যখন তিনি কবিতায় দেখা যায় তারি প্রতিচ্ছায়া। দুঃখ আছে, মৃত্যু আছে তারপরও জীবন থাকে। একবার সব ভুলে আমরা জীবনকে একটু নিবিড় করে জানি না কেন? দুঃখ পাশ কাটিয়ে একটু সাহসী হ’ য়ে জীবনের দিকে হাত বাড়াই না কেন আমরা? ‘ জীবনের জন্য ভরে রাখা জীবন নিয়ে ভাবনা তখন ধরা পড়ে– মোরে আরো আরো দাও প্রাণের মতো কোন উদ্ভাসিত বাণী। যে বোতলে এ জীবনের ঘ্রাণ থাকে, আতরদানি থেকে সেই সুবাস সারা শরীরে মেখে নিতেই বা দোষ কি। যেখানে জীবন পিপাসা স্পষ্ট, আশাবাদও বেশ পরিস্কার। এই গ্রন্থটির একটি ছোট মুখবন্ধ লিখেছেন ব্রজেন চৌধুরী। কয়েক লাইনে গ্রন্থটির পরিচয় আছে। আমি মুখবন্ধে মূল কি কথা আছে তা বলার চেষ্টা করছি– ১ তার কবিতায় সহজবোধ্য ভাষার মাধ্যমে অসাধারণ ভাব ও অভিব্যক্তিগুলি নতুনভাবে ধরা পড়ে আমার কাছে। ২ তার কবিতা পড়তে পড়তে ধ্যানস্ত হয়ে যাই। ৩ ছোট ছোট ঘটনাকেন্দ্রিক অতি বাস্তব সাবলীল ধারার কবিতাগুচ্ছ, সুতীক্ষ্ম চিন্তাধারা ও ভাষার শক্তিতে কাব্যের জালবুনানী পাঠকের মনে সবুজের ডাক দেন। ৪. কবিতার দুর্বোধ্যতার কারণে কবিতা থেকে সাধারণ মানুষ দূরে সরে রয়েছে। আমি ব্রজেন চৌধুরীর সঙ্গে একমত। এগুলোই আমি লিখতাম। তিনি লিখে কাজটা সহজ করেছেন। এরপর বইটার গুনাগুনে যাবার আগে বইটাতে যে কি পরিমাণ মূদ্রণ প্রমাদ আছে এবং কিভাবে তা বইটার সৌন্দর্য হান করেছে সেটা বলা দরকার। যারা দেশ থেকে বই ছাপিয়ে আনেন, চোখের অবর্তমানে যেসব বই ছাপানো হয়, মুদ্রন প্রমাদ জাত বসন্তের দাগের মতো কবিতার মুখে ক্ষত সৃষ্টি করে। এই বইটিতে উৎসর্গের পাতা থেকে শুরু করে ভেতরে ভুল ছাপা ভুল বানান সত্যি আমাকে ব্যথিত করেছে। আমার দু’একটা বই স্বপন দত্ত প্রকাশ করেছেন। সেখানেও ভুল লক্ষ্য করেছি।তার সে দোষ অনেক সময় কম্পিউটারের উপর চাপানো হয়েছে। বেচারা কম্পিউটার। তবে ছাই দিয়ে ঢেকে রাখলেও সত্যিকারের মনি-মুক্তা যেমন চাপা থাকে না তেমনি চাপা থাকেনি খাতুনে জান্নাতের অসাধারণ কাব্য প্রতিভা। কতিতায় তিনি ইতিমধ্যেই এক স্বতন্ত্র পরিচয়ে উদ্ভাসিত হয়ে উঠেছেন। তার কবিতা সহজ, গভীর ও স্বতন্ত্র। কতটা সফল ও সুন্দর এসব কবিতা, দু একটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারি… ১। এসো এ দিঘির স্বচ্ছতায় করি জলকেলি সবুজের গায়ে হাতে হাত রেখে বেঁচে থাকার জন্য আঁজলা ভরে তুলে রাখি একমুঠো জীবন ( জীবন কথা) ২। ও বর্ণমালা তুমি উঠে আসো প্রাকৃত জনের হ’য়ে পুনরুদ্ধারে আপন অহং আর প্রাণের প্রিয় ভিটায় জ্বালো অবিরাম ভালবাসার দীপ অনির্বাণ( উজ্জীবন) ৩। এ সপ্তর্ষীর আলেয়ানে কোন পথটি আমার?( অনুসন্ধান) ৪। নীহারিকা, নক্সত্রপুঞ্জের সকল আলোক সমুন্নত করে ফিরে আসে মৃত্যু নতুন জীবন নিয়ে।( জীবনের কাছে ফিরে) ৫। ভোরের পাখি নূপুর নিক্কনে চৈতন্যের বারান্দায় দূরন্ত দাপাদাপি দুধেল প্রজাপতির( উঁকিঝুঁকি) এমনি সব মনকাড়া উদ্ধৃতি তুলে ধরা যায় কেন ভালো লেগেছে তার স্বরূপ ব্যাখ্যা করতে। আমার মনে হয় পাঠক পড়বেন এবং খুঁজে পাবেন এমন আরো সব ঝকমকে পঙক্তি। দু’ একটি উৎপ্রেক্ষার কথা বলি– মায়ের দরদ ভরা সলতে, সপ্তর্ষীর আলেয়ান, ক্লান্ত কোলাহল, চৈতন্যের বারান্দা, শৈশবের শুকনো পাতা, দুধেল প্রজাপতি এবং আরো অনেক। উপমায় নতুন চমক দেবার চেষ্টা নেই।টাকশালের পুরনো টাকা নতুন টাকার মতো ঝকঝক করে। কবিতার একটি দৃশ্য আমাকে বিশেষ মুগ্ধ করেছে– একজন মা বোরকা পরে ছাতা মাথায় নিয়ে চলেছেন। সঙ্গে ছোট একটি মেয়ে লালজুতো প্লাস্টিকের ঝুড়িতে ভরে সম্ভবত অন্য একটি সাধারণ জুতো পরে মটরশুঁটির ক্ষেত দিয়ে আগে আগে ছুটে চলেছে। বাস্তবে বর্ণনা কবির ভাষায় –” ধোঁয়া ধোঁয়া সুপারি বন, নোয়া বাড়ির ভিটা ক্ষেত, মটরশুঁটি পথিকের তৈরী সরু পথ বেয়ে দৌড়। দু” পাশে রাঙাশাক, ধনিয়া ও মুলা’র চিকন কচি ডাল শিশির মেখে প্রথম স্নানসিক্ত নাজুক নববধুর মতো চায়।” অথবা “পুব আকাশে লালচে আভা ফুটতেই বিজয় নগর পাখিরা ডেকে উঠতেই নানাবাড়ি। ” দৃশ্যটা এত স্পষ্ট আমাকে কল্পনা করতে বেগ পেতে হয় না। চমৎকার একটি নস্টালজিক কবিতা “নানা বাড়ির গল্প”। ‘ দুঃখের ছুট’ এও আছে এমন দৃশ্য — ভোর বেলাতে পুকুর পাড়ে জবার ঝাড়ে লটকে থাকে ঘাটের শ্যাৎলা সিঁড়ির কোণে দুঃখ হাসে। অথবা আকুল বিকুল যতই পালাই পাসপোর্ট আর ভিসা ধারাই দুঃখ ছোটে আগে -পিছে ডানে-বামে। এখানে দুঃখ বিভিন্নভাবে কবির সঙ্গে ছুটে চলেছে।কিন্তু সে চলা নানা দৃশ্যে এমন এক কবিতা যেখানে দুঃখ আর নেই, জেগে আছে একটি ভালো কবিতা। আমি তাঁর কবিতা ভালো লাগার আটটি কারণ বলতে পারি। শব্দ চয়ন, আশাবাদ, জটিলতা বিহীনতা, উপমার কারুকাজ, উৎপ্রেক্ষার জরির ফিতা, অন্যের কাছ থেকে ধার করা নয় সম্পূর্ণ নিজের, দৃশ্যকাবয় বা চিত্রকাব্য এবং সবশেষে বলতে হয় ছন্দের পতন নেই কোথাও। ছন্দের সোনালি ফিতায় বেঁধে রেখেছেন কবিতার শাখা,প্রশাখা। ৫২টি কবিতার মনিমালার হারে গ্রন্থটি মনে রাখবার মতো একটি কবিতাগ্রন্থ। জীবনের কাছে ফেরা কি নিজের কাছে ফিরে আসা নয়? সেই গানের মতো — আমি কেবল আমার সঙ্গে একটু দেখা করতে চাই। একবার। একবার জীব্রান লিখেছিলেন –poetry is the secret of the soul, why babble it away in words– কবিতা আত্মার রহস্য কেন তাকে আবোল তাবোল হোক এমন লেখা সে কবে থেকেই তো শুরু হয়েছে। খাতুনে জান্নাতই বা আত্মার অভিলাসকে কবিতা না করে নিঃশব্দ থাকবেন কি করে! ওর আত্মা কবিতা লেখার জন্য উদগ্রীব, উৎফুল্ল। ওর একটা কবিতা আত্মা আছে। তাছাড়া বোতলের জিনটাকে তো একসময় বের হয়ে আসতে দিতেই হয়। দেশে আজ কবির সংখ্যা অনেক। তবে ভালো কবির সংখ্যা খুব বেশি নেই। আর নারী কবি তো হাতে গোনা কয়েকজন। সেদিক থেকে বিচার করলে খাতুনে জান্নাতের কবিতা আমাদের কবিতা সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন বললে বেশি বলা হবে না। খাতুনে জান্নাত ভালো কবি। নারী -পুরুষ যাই হোক তাঁর রয়েছে কবিতা লেখার একটি যাদু-কলম। তবে তাঁকে অনুরোধ করি নির্ভুল বই ছাপানোর চেষ্টা করতে। আমি আশাবাদে দীপ্ত। যখন বরফের আঘাতকেও অগ্রাহ্য করা যায় এমন একটুকরো আগুন বুকে তাকান চারপাশে। আমার আলোচনা শেষ করি এভাবে– এসো প্রিয়তম শব্দের আদরে হাত দরাধরি করে হাঁটি ঐতিহ্যের রক্তের আবহে মাটির অতল থেকে তুলে আনি শস্যের আদি নিবাস সৌরভে যার পূর্ণ ছিলো একদা– আড়ত, গোয়াল, পুকুর, সবুজ বন ও ফলের সমারোহ। কবিতায় খাতুনে জান্নাত নিজে উজ্জীবিত হন; আমাদের ও উজ্জীবিত করতে প্রয়াসী হন। বলেন– আমরা আমাদের ভালোবাসা দিয়ে এভাবেই জীবনের কাছে ফিরে আসি বার বার। ‘ পড়ে থাকে যেটুকু ছাইপাশ কমই বা কি চলতে ছায়াপথে টুকরো টুকরো স্মৃতি বারোমাস জোছনা হয়, গোলাপ ঝরে সাথে।( বারোমাস) একটু অনুরোধ কবিতা লিখে যান নিরন্তর। ফলের জন্য চিন্তা না করে। সোনার মোহর মৃত্যুর পরও আসে — যতোই রাজার কথা থাকনা কেন ফেরদৌসীর শাহনামায়; সেখানে কবিতা ছিলো বলেই আজ আমরা তাকে মনে রেখেছি।

সালেহা চৌধুরী লন্ডন, যুক্তরাজ্য
কবি খাতুনে জান্নাতের কাব্যগ্রন্থ…. ‘জীবনের কাছে ফিরে’ ….গোলাম কবির….……. . লন্ডনের বাঙালী সাহিত্যাঙ্গনে কবিদের আড্ডায় অতি সম্প্রতি আবির্ভূত কবি খাতুনে জান্নাত আমার কাছে ভালো লাগা এক কাব্যিক অনুভূতি। লন্ডনের সাহিত্য সংগঠন সংহতির ২০০৮ সালের কবিতা উৎসবকে কেন্দ্র করে উৎসব পূর্বক আয়োজনকালীন সময়ের বৈঠকগুলোর একটিতে পরিচয় কবি খাতুনে জান্নাত-এর সঙ্গে। সেই পরিচয় ও পরিচিতির পর থেকে তার লেখা কবিতা নিয়মিত লন্ডনের বাংলা সাপ্তাহিকী গুলোতে যতই চোখে পড়তে লাগলো ততই আমি মুগ্ধ হয়ে উঠছিলাম তার কাব্যশৈলীতার উপর। এরই মধ্যে গত ১১ই জুলাই, ২০১০ যুক্তরাজ্য উদীচির উদ্যোগে এবং সন্মিলিত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ঢাকা থেকে আগত বাংলা একাডেমির অংশগ্রহণে পূর্ব-লন্ডনের বাঙালি পাড়া হ্যানবারী স্ট্রিটস্থ ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি বইমেলায় কবি খাতুনে জান্নাতের দ্বিতীয় কাব্যগ্রন্থ‘ জীবনের কাছে ফিরে’ এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের আগে খাতুনে জান্নাত তার প্রথম বই ‘দিনান্তে দেখা হলে’ আমার হাতে তুলে দিয়ে এর উপর আলোচনা লেখার দায়িত্বটিও অর্পণ করেন। আমি এতে অনুপ্রাণিত হলাম। বাংলা একাডেমির পরিচালক শামসুজ্জামান খান দ্বিতীয় বইাটর মোড়ক উন্মোচন করেন এবং বিলেতের সর্বজন শ্রদ্ধেয় কবি সালেহা চৌধুরী বইটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার দুদিন পর কবি খাতুনে জান্নাত ‘জীবনের কাছে ফিরে’ নামক তার ওই বইটিও আমার হাতে তুলে দেন একই ইচ্ছেয়। আমার প্রতি তার এ আস্থার জন্য সত্যি কৃতজ্ঞ। কবি খাতুনে জান্নাতের প্রথম কাব্যগ্রন্থ ‘দিনান্তে দেখা হলে’ ও দ্বিতীয কাব্যগ্রন্থ ‘জীবনের কাছে ফিরে’ বইদুটোর কবিতাগুলো যদিও খুব যত্ন করে পড়ার পরিপূর্ণ অবকাশ পাইনি , তবুও যেটুকু পড়ে দেখেছি তাতে মুগ্ধ না হয়ে পারিনি। একজন নবাগত কবি যে এতখানি সমৃদ্ধি নিয়ে কবিতার ভুবনে আবির্ভূত হতে পারেন তাতেই আমার বিস্ময়। একই সঙ্গে আমি আনন্দিত এই জন্যে যে, তার মতো একজন মেধাবী এবং অনহঙ্কারী সদালাপী মিশুক কবিকে পেয়েছি আমাদের কবিদের আঙ্গিনা ও আড্ডায়। প্রথম পরিচয়ের সূত্রেই বুঝতে পেরেছি খাতুনে জান্নাত আমাদের চিরায়ত সামাজিক প্রথার আঁটসাট বন্ধন থেকে নিজেকে অনেকটাই মুক্ত রাখছেন অন্তত কাব্য পারিপাশ্বিকতার ক্ষেত্রে। তবে এই বইয়ে বানানের ক্ষেত্রে যেভাবে হোঁচট খাওয়ায়, সেদিক থেকে জ্যোৎস্না পাবলিশার্স এবং বিশেষ করে অপু-কাদের অফসেট প্রিন্টার্স কে ধন্যবাদ দেয়া যায় না। প্রথম গ্রন্থ ‘দিনান্তে দেখা হলে’ এর পর খাতুনে জান্নাতের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জীবনের কাছে ফিরে’ একই প্রকাশনী জ্যোৎস্না পাবলিকেশনস থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন কায়সার আল নাহিয়ান সৈকত। অনভিজ্ঞ হাতের অঙ্কন বলে মনে হলেও মনে হয় যেন এও এক কবিতা। কবির হাতের লেখায় অঙ্কিত মুক্ত লাল পাঞ্জা। যেন মনে হয় কবির দৃঢ়তা, কবিতার প্রতি কবির আস্থাকেই মুর্ত করে তোলে। কবির কবিতাগুলো প্রথম বইয়ের চেয়ে আরো উজ্জ্বল সাবলীল। বইটির ভূমিকা লিখেছেন কবি ব্রজেন চৌধুরী। তিনি একজন পাঠকের দৃষ্টি থেকে কবি খাতুনে জান্নাতের কাব্য নির্মাণকে সরল ও সহজবোধ্য ভাষার অসাধারণ অভিব্যক্তির প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে প্রকাশক কবির এ কাজগুলিকে প্রগতিশীল মননের প্রকাশ হিসেবে ব্যক্ত করেছেন। আমিও তাই মনে করি। কবি খাতুনে জান্নাতের কবিতা বিশেষত্ব পায় মূলত প্রগতিশীলতায়। আবার তার সঙ্গে রয়েছে তার স্মৃতিময় শৈশব-কৈশোর-যৌবনের ঘাত-প্রতিঘাত তিক্ত সুখ-দুঃখময় অভিজ্ঞতা। এ বিষয়গুলো তার কবিতায় ফুটে উঠে বলেই পাঠক তার কবিতা পড়তে গেলে একেবারেই সাম্প্রতিক সময়ের গ্রাম বাংলার সামাজিক চিত্রকে খুঁজে পাবেন। এখানেই একজন সাহিত্য স্রষ্টার পরিতৃপ্তি। ‘জীবনের কাছে ফিরে ‘ কাব্যগ্রন্থে মোট বায়ান্নটি কবিতা স্থান পেয়েছে। এরমধ্যে আটটি ছন্দসহ অন্তঃমিলের কবিতা। প্রথমটি ‘বারোমাস’ । মিষ্টি শব্দগুচ্ছের সমষ্টিতে কবিতাটি এভাবে শুরু হয়… ‘হঠাৎ দেখি ঘাসের উপর কাঁপে ছোট্র শিশির তোমার অশ্রুকণা তুলে নিলাম হাতের মুঠো-ঝাপে এক হৃদয় করুণ স্বপ্ন-সোনা।। ঠিক যেভাবে মেখেছিলাম মনে নীলাম্বরীর করুণ কল্প-লোক পথে-স্রোতে কুড়িয়ে পেলাম বনে ঘাস-বিছালি জোনাক-ঝিঁঝিঁ শ্লোক।। ভালোবাসা সে তো এক ফুলদানি রাত পেরুলেই চায় যে নতুন ফুল নিলো না তো কাঁচা-বয়স মানি গুনলো দিব্যি ভুলের মাসুল।। পড়ে থাকে যতটুকু ছাইপাশ কমই বা কি চলতে ছায়াপথে টুকরো টুকরো স্মৃতি বারো মাস জ্যোৎস্না হয়–গোলাপ ঝরে সাথে। . . এটি ষোড়পদী পাঁচমাত্রার অনেকটা ছড়া আবহের ছন্দোবদ্ধ একটি কবিতা। প্রকৃতিকে কবি যেভাবে মননে মেখে কাব্যচর্চা করছেন কবি নিজেই হয়ে উঠছেন প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি উল্লেখযোগ্য একটি কবিতা। ‘প্রতীক্ষার আগুন’ ও ‘মাতৃত্বের ইচ্ছাপূরণ’ কবিতা দুটি চতূর্দশপদী কবিতা, যেগুলো সনেটের আদলে নির্মিত বলে আমার মনে হয়। প্রথম কবিতাটা উল্লেখ করছি… ‘চলে গেছো সব ফেলে কৃত ভুল সন্তানের মুখ অবাধে সরায়ে রাখো মধুমাস ফুলের পরাগ থালাভরা সুখ-প্রাণ ফসলের রাগ-অনুরাগ হয়তো জমিনে কাঁটা ধনমানে ক্ষয়িষ্ণু অসুখ। নিয়ে গেছো ফাগুনের দোণ আঁকা ভরা পূর্ণিমা রাতের আবিল গায়ে নেচে ওঠা চৈত্রের বাতাস অবুঝ সরল ছিলো মুখরিত দিনের আকাশ হয়তো অবাধ্য কোন ঢেউ আঁকে বিষাক্রান্ত অমা। এখন তোমার কানে ঢেউ তোলে আশ্বিনের ধুন অলোক পাহাড় হতে শোন বুঝি পরীর নূপুর স্মৃতির বাবেল ফূঁড়ে তুলে নাও কণক কর্পূর অলিন্দের খোলাদ্বারে ঢেউ খেলে আলোর শ্রাবণ।. . এই খানে কুঁড়ে ঘরে জেগে থাকে শেওলার ঘুন বেদনার দিনরাত বুকে নেয় প্রতীক্ষা আগুন।’ সনেটের আদলে নির্মিত বিরহ-মিলন কাতর প্রাণের আকুতি ও মানবতার পংক্তিমালা অনন্য ও অসাধারণ না বলে পারা যায় না। বর্তমান সময়ের কোন কবি যে ছন্দজ্ঞানে পারঙ্গম হয়ে উঠতে পারেন এটাই আশার কথা। চতুর্দশপদী হিসেবে এগুলো উত্তীর্ণ কবিতা। বাঁকি ছন্দোবদ্ধ অন্তঃমিলের কবিতার মধ্যে ‘ বাউরি বাতাস’ সুন্দর একটি পদ্য-কবিতা। ‘কৃষকের বচন’ কবিতায় পাঁচটি পৃথক ছত্র মিলে একটি কবিতা। এখানেও ভুলের ছড়াছড়ি। এ যেন আমাদের কোন জন্মের অভিশাপ। ভুল বানান, ভুল ছাপা, ভুল বাঁধাই, বাজে কাগজ ইত্যাদিসহ নানা প্রকারের প্রতারণায় ভরে গেছে আজকাল বাংলাদেশের সাহিত্যের প্রকাশনা শিল্প। ‘নানা বাড়ির গল্প’ কবিতাটির কথাই ধরা যাক। স্কুল ছুটি। নানাবাড়ি বেড়ানোর স্বপ্ন। ভোরের শিশিরের টুপটাপ শব্দ। পাখিদের ঘুম ভাঙানিয়া গান। নকশাদার কাঠের আলমারি, নেপথালিন মোড়া রঙিন জামা, লাল জুতো। বোরকা পরা, ছাতা মাথায় মা, সুপারিবন, নোয়াবাড়ির ভিটাক্ষেত। মটরশুঁটি, রাঙাশাক, ধনিয়া ও মুলার চিকন কচি ডাল, স্নানসিক্ত নববধূ। এসব মিলিয়ে পাখিরা ডেকে উঠতেই বিজয়নগরে নানাবাড়ি পৌঁছা। কি অদ্ভূত মিলে যায় আমাদের শৈশব-কৈশোর। বিজয় নগর, অজয় নগর, হরিরামপুর, দত্তপাড়া এসব নামের গ্রামই তো ছিলো আমাদের শৈশব স্মৃতিতে। এখন যদিও অনেক নাম বদলে গেছে। এধরনের আরো কবিতা রয়েছে‘ফিরে যাই পুরনো ভিটায়’, উঁকিঝুঁকি এবং বিশেস করে জলছবি। জলছবি এ বইয়ের একটি দীর্ঘ কবিতা। যার মর্মে পৌঁছা যাবে যদি কবির মতো জল সাঁতার কেটে অবিরাম জীবনের হিরামুক্তো, মানিক খোঁজা যায়। এখানেও গ্রাম বাংলার স্বপ্নিল ছবি ফুটে উঠেছে। যেমন চাঁদনী রাত, টিমটিমে হারিকেনের আলোয় বই পড়া, ঘাটরাগের ঘাসের গালিচা।, কলার থোড়, তেতুলের চাটনী মাখানো কলাপাতা, নাড়াক্ষেতে গোল্লাছুট, ডাংগুলি, শীতের কাঁথামুড়ি, পাতায় মাজরা পোকার বংশ বিস্তার, পুকুরে ডুব সাঁতার খেলা,, জ্যৈষ্ঠে দুধমাখা আম ইত্যাদি। এ কবিতার কিছু শব্দ আমাকে মুগ্ধ করেছে যদিও অনেক পাঠকের বোধগম্য নাও হতে পারে যেমন –দারুয়া কুড়াই,বাইলের স্তূপিকৃত গাঁটে বসে/ পাটের গন্ধমাখা হইরমুলের বিঁড়ার আড়ালে/ উজায়ার পুঁটি, টেংরা ইত্যাদি। কবিতাটি খুবই সুন্দর, যা সুখকর আবৃত্তি করার মতো। কবির মনের একান্ত নিজস্ব অথবা পারিবারিক প্রেম আর ভালোবাসা ভাব ও বর্ণনার কুশলতায় অনায়াসে সার্বিক হয়ে উঠে। এরকমই চমৎকার সুন্দর কবিতা‘ চিরন্তনতা’, ‘স্মৃতির দোপাটি মেলে জেয়ে থাকি, ‘যন্ত্রই নয়’, ‘বেঘোরে ঘুমায় রাত, শরীরে ভাঙন চাই, তবুও কবিতা, সফেদ টান, মধুর অপরাধ, অপেক্ষা শেষে কবিতা হিসাবে সার্থক। ‘উজ্জীবন’ একটি ব্যতিক্রম কবিতা। যা বাংলা ভাষা ও বর্ণমালার গীরতায় প্রোথিত। কবি ভাষাকে সমুন্নত রাখতে মানুষের মধ্যে ভালোবাসার বন্ধনের গীত গেয়েছেন এভাবে– ‘বর্ণমালা আসো আঁতুর ঘরের শিয়রে দাঁড়াই সদ্য জন্মনেয়া শিশুটির বিস্ময় নিয়ে অপরিচিতের আসর যেখানে ধ্বনিত হয়। আসো প্রিয়তমের কোমল করতলে বিশ্বাসের দৃঢ় চাপ হয়ে দেই বন্ধনের নির্মল টান। গোপন চিঠির খামে– ভগ্ন ভালোবাসার পূনঃনির্মাণে একাত্ম হই সকল বিভেদ আর ভুলের সমাপ্তিতে।’ সবশেষে বলবো–কবি খাতুনে জান্নাতের কবিতা ভালোলাগার কবিতা। কবি হিসেবে তিনি স্বভাব কবির মতোই প্রতিভাত হচ্ছেন । তার এ প্রতিভা ক্রমশ প্রস্ফুটিত হবার লক্ষন রাখে।তার কাব্য মনের বিচরণ ভূমি অতি সরস। এখন তাকে শুধু হতে হবে পরিশ্রমী কৃষক।

গোলাম কবির, লন্ডন যুক্তরাজ্য

