শেরপুরের শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে দুই যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বাড়ির সকলের অজান্তে ওই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত মোজাহারুল মাস্টারের ছেলে নুর ইসলাম (৩৬) বাড়ির পাশে তার নিজ সেচ পাম্পের ঘরের নিকট অশ্বথ গাছের সাথে বাঁশ বেঁধে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
অপরদিকে একই ইউনিয়নের রাঙ্গাজান গ্রামের মৃত ইজার আলীর বেকার ছেলে নুর মোহাম্মদ (৩৮) শুক্রবার দিবাগত রাতে বাড়ির সকলের অজান্তে বাড়ির পাশের জঙ্গলে গাছের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে। পুলিশ উভয় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শনিবার (১৬ নভেম্বর) জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নুর ইসলাম দাদনের টাকা পরিশোধ করতে পারছিল না। ধারণা করা হচ্ছে এ কারণেই সে আত্মহত্যা করেছে। অপরদিকে নুর মোহাম্মদ বেকার জীবনের অবসান ঘটাতে আত্মহত্যা করেছে বলে এমন তথ্য পাওয়া গেছে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন এ ব্যাপারে পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

