বিদেশ যাওয়ার জন্যে মেডিকেল চেক আপ করাতে ঢাকায় গিয়েছিলেন তিনি। ফেরার পথে খবর পান তার শাশুড়ি অসুস্থ। ভাবলেন, বাড়ি ফেরার আগে শাশুড়িকে দেখে যাবেন। কয়েক প্যাকেট ফলও কিনেছিলেন তিনি। বাস থেকে নেমে ধানক্ষেতের আইল ধরে হাঁটার সময় ভোররাতে হঠাৎ করেই বৈদ্যুতিক শক খেয়ে মারা যান তিনি। বলছিলাম কক্সবাজার সদর ইউনিয়নের আয়াতুল্লাহ (৩৫) এর কথা। বুধবার (১৩ নভেম্বর) এভাবেই তার মৃত্যু ঘটে।
জানা গেছে, বন্যপ্রাণী থেকে ধান রক্ষায় অবৈধভাবে জিআই তারের মাধ্যমে বৈদ্যুতিক ফাঁদ বসায় আয়াতুল্লাহ’র শ্বশুরের প্রতিবেশী শাহ আলম ও তার ছেলে নুরুল আমিন। এ কারণে বিলের আইল দিয়ে হেঁটে যাবার সময় জিআই সেই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আয়াত উল্লাহ। পরে ফজরের নামাজ শেষে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসআই মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শুদ্ধস্বর/আইকে

