বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটির অবস্থান ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আশা করা যাচ্ছে আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বুলবুলের প্রভাবমুক্ত হবে বাংলাদেশ। আজ রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা বিভাগের সাতক্ষীরা এবং বাগেরহাট অঞ্চলে অবস্থান করছে। এটি তার অবস্থান থেকে ক্রমান্বয়ে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। তারপর ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে যেতে আরও দুর্বল হয়ে যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবমুক্ত হতে পুরো দিন লাগবে। আশা করা যাচ্ছে সন্ধ্যার মধ্যে বুলবুলের প্রভাবমুক্ত হবে দেশ। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সংকেতে প্রযোজ্য উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের ক্ষেত্রে।
শুদ্ধস্বর/আইকে

