সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাবরি মসজিদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো- এটা ভারতের উচ্চ আদালতের রায়। এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনে করি না।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
‘ঘুর্ণিঝড় মোকাবেলায় সরকার ব্যর্থ’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় আঘাতই করলো না। আমাদের এই ভুখণ্ডে আসার আগে দুর্বল হয়ে গেছে, এটা মিডিয়ার খবর। সারা দেশে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। জানমালের কোনো ক্ষতির খবর আসেনি। অথচ এর মধ্যেই মির্জা ফখরুল বলে দিয়েছেন সরকার ব্যর্থ। এর আগেও বাজেট ঘোষণার আগে তারা বলেছিল- ‘এটা গরিব মারা বাজেট’।
শুদ্ধস্বর/আইকে

