ফের ঢাবির উপাচার্য হলেন আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে তাকে (আখতারুজ্জামান) যেকোনো সময় দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হওয়ায় উপাচার্যের দায়িত্ব পাওয়া আখতারুজ্জামান সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়। এই প্যানেলে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়াও ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল।

এর আগে, ২০১৭ সালের সেপ্টেম্বরে ঢাবি উপাচার্য পদে প্রথমবার নিয়োগ পান ড. আখতারুজ্জামান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.