সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আজকে আমরা একটা ফ্যাসিস্ট অবৈধ সরকারের অধীনে আছি। যারা বিনা ভোটে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তারা তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে এমন কোনও অপকর্ম নাই যা করেনি, করছে না।
শনিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, এক এক করে যদি আমরা এই ১০ বছরের ইতিহাস তুলে ধরি শেয়ারবাজার কেলেঙ্কারি থেকে, ব্যাংক লুট থেকে শুরু করে, দুর্নীতি, নারী হত্যা, নারী ধর্ষণ, শিশুহত্যার থেকে শুরু করে সমগ্র বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ক্রমশ ধাবিত করে নিয়ে যাচ্ছে ক্ষমতালিপ্সু সরকার।
তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা আজকে আদালতের দরজায় দরজায় ঘুরে বেরায়। আর সরকার বড় বড় কথা বলে। তাদের মুখে গণতন্ত্রের কথা, উন্নয়নের কথা। তারা বাংলাদেশকে রোল মডেল হিসেবে দেখে, বিশ্বের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসে। বাংলাদেশের জনগণ এসমস্ত অ্যাওয়ার্ড চায় না। বাংলাদেশ চায় স্বাধীনতা-সার্বভৌমত্ব। যে বাংলাদেশের জন্য ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছেন।
ক্যাসিনো-কাণ্ডের কথা টেনে তিনি বলেন, চুনোপুঁটি ধরতে গিয়ে সরকার এখন জনতার আদালতে পৌঁছে গেছে। কারণ সাধারণ মানুষ জানে- সরকারের উচ্চ পর্যায়ের লোকদের ধরা হচ্ছে না। তারা এসব চুনোপুঁটিদের ধরে বিএনপিকে আক্রমণ করার আরেকটি নতুন ইস্যু খুঁজছে। যেটা আজ ওবায়দুল কাদের বলেছেন- ‘বিএনপিকে ধরা হচ্ছে না বলে তারা আইওয়াশ বলছে’। কিন্তু আমরা আইওয়াশ বলছি এ কারণে যে, আজকে সাগর-রুনির হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, বিশ্বজিৎ হত্যাকারীদের রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করেছেন। আজকে আবরার হত্যার কী হবে জানিনা। একের পর এক হত্যা চলছে কিন্তু কোন বিচার হচ্ছে না। বিচার বলতে কিছু নেই। অর্থাৎ বিচারব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস।
‘একজন মেজরের ডাকে যদি এদেশের লক্ষ কোটি জনতা রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে তাহলে আমরা এতগুলো জিয়ার সৈনিকের ডাকে কেন মানুষ রাজপথে নামবে না। অবশ্যই মানুষ রাজপথে নামবে এবং আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।’
আলোচনা সভায় নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জাতীয় গণতান্ত্রিক মঞ্চের সভাপতি ইসমাইল তালুকদার খোকন, ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিম এবং কোতোয়ালি থানা কৃষক দল সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন হৃদয় প্রমুখ।
শুদ্ধস্বর/আইকে

