পদত্যাগ করছেন মেয়র আরিফসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা!

চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে। নতুন কমিটিতে যুবদলের সাবকে নেতাদের মূল্যায়ন না করায় কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, তাহসীনা রুশদীর লুনা,ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েক নেতা। শনিবার (২ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করবেন তারা। পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার (১ নভেম্বর) রাতে জরুরি সভা করেন সিলেটের নেতারা।

মেয়র আরিফ বলেন, ‘রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে জেলা ও মহানগর যুবদলের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এই কমিটি লন্ডন থেকে দেওয়া হয়েছে। এমনকি যারা দলের পক্ষে আন্দোলন করে নির্যাতিত হয়েছেন তাদেরকেও মূল্যায়ন করা হয়নি। যার কারণেই আমরা কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ চেয়ে একটি লিখিত আবেদন করবো।’ কারা পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ৮-১০ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করবেন। পদত্যাগ করলেও আমরা বিএনপির সঙ্গে থাকবো।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জেলার আহ্বায়ক করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে ও মহানগর যুবদলের আহ্বায়ক করা হয় নজিবুর রহমান নজিব। এছাড়াও জেলা শাখার ২৯ সদস্য ও মহানগর শাখায় যুবদলের ২৭ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.