ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৯৫ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের কেউ চিকিৎসা নিচ্ছেন, কেউ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৮৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৬৫ জন। একদিনে রাজধানী ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে। গতকালও সারা দেশে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ি এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইশ’র কাছাকাছি। এর মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর কাছে এ পর্যন্ত ১৮৮ জনের মৃত্যুর তথ্য এসেছে।
৯৬টি মৃত্যুর পর্যালোচনা করে ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি। বাকি মৃত্যুগুলোও পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে। সরকারি হিসাবে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭২ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে আক্রান্ত কয়েকগুণ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৭৫৬ জন, যার মধ্যে ঢাকায় ২ হাজার ১১১ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৩৫ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৬৮ হাজার ৮১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ ৯৫ শতাংশ রোগী বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৮৩৮ জন, ঢাকার বাইরে ৩০ হাজার ৯০৭ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল দু’জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা বেগম (৬০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে যশোরে রাত ৪ টার দিকে ডেঙ্গু আক্রান্ত শাহজাহান আলী মাস্টার (৭০) নামে একজন কুইন্স হাসপাতালে মারা যায়।
শুদ্ধস্বর/আইপি

