দশ দিনের রিমান্ড চেয়ে জি কে শামীমকে আদালতে প্রেরণ

চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে রাজধানীর গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অর্থপাচারের মামলা করা হয়েছে। শনিবার বিকালে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। কার্যালয়ের ভেতর থেকে ডলার, মদ, আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, এফডিআর চেক উদ্ধার করা হয়। আটক করা হয় তার দেহরক্ষী সাতজনকে।

র‍্যাব জানায়, শামীমের কার্যালয় থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর চেক পাওয়া গেছে। যার মধ্যে ১৪০ কোটি টাকার এফডিআর তার মায়ের নামে, বাকিগুলো তার নামে। এছাড়া ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করা হয়েছে।

অভিযানের র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সরোয়ার বিন কাশেম বলেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে শামীমের সংশ্লিষ্টতার বিষয়টি পত্র-পত্রিকায় এসেছে। এ ছাড়া তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.