কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পবিত্র ঈদুল আজহার দিন বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার দুপুর ১ টায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, তাঁতী দলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারী, বিএনপি নেতা জামাল উদ্দিন, ছাত্রদল ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার ভয়াবহ অসুস্থতার পরও এই মিডনাইটের সরকার তার প্রতি আরও হিংস্র হয়ে উঠেছে। দেশের কোনো বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং প্রতিনিয়ত তার জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে।
শুদ্ধস্বর/এস এ কে

