কাশ্মীরবাসীকে ধুমধাম করে ঈদ পালন করার আহ্বান জানালেন মোদী

নয়া জম্মু-কাশ্মীরের স্বপ্ন ফেরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বপ্নে সন্ত্রাসবাদের অবসান হবে, পরিকাঠামো, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যে উন্নয়নের জোয়ার বইবে, যুব সম্প্রদায় কাজ পাবে— সর্বোপরি জগৎসভায় উপত্যকা আবার ফিরে পাবে ভূস্বর্গের মুকুট। ৩৭০ অনুচ্ছেদ তথা বিশেষ মর্যাদা থাকায় এত দিন জম্মু-কাশ্মীরের কী ক্ষতি হয়েছে, এবং এখন সেই ধারা বিলুপ্তির পর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় রাজ্যবাসীর কী লাভ হবে— সে সব প্রতিশ্রুতির ডালি তুলে ধরলেন জম্মু-কাশ্মীর ও লাদাখবাসীর সামনে। বোঝানোর চেষ্টা করলেন, অন্ধকার যুগ থেকে আলোর পথে পা বাড়াল উপত্যকা।

৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর এই প্রথম বক্তব্য নরেন্দ্র মোদীর। জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘‘৩৭০ ধারা কার্যকরী থাকায় জম্মু-কাশ্মীর পেয়েছে শুধু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, পরিবারবাদ এবং দুর্নীতি। জনকল্যাণে সংসদে যে সব আইন তৈরি হত, তা কার্যকরী হত না উপত্যকায়। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পেতেন না। এমনকি, চাকরিতে সংরক্ষণ, তথ্য জানার অধিকারের মতো আইনও সেখানে কার্যকরী ছিল না। সেই সব থেকে মুক্ত হয়ে এক নতুন জম্মু-কাশ্মীর আত্মপ্রকাশ করেছে।’’ কেন্দ্রের অধীনে থাকায় এখন জম্মু-কাশ্মীরে পরিকাঠামো, যোগাযোগ, ব্যবসা, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য— সব ক্ষেত্রে  উন্নয়ন গতি আসবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বেশি দিন যে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, তাও এ দিন কাশ্মীরবাসীকে আশ্বস্ত করেছেন মোদী।

লাদাখের জন্য এই সব কল্যাণমূলক কাজ তো হবেই, তার সঙ্গে আলাদা করে সেখানকার ভেষজ সম্পদের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘লাদাখ হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানকার ভেষজ সম্পদ বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সৌরশক্তি উৎপাদনে নতুন পথ দেখাতে পারে লাদাখ।’’ এখানেও শিক্ষা, স্বাস্থ্য-সহ সব বিষয়ে কেন্দ্রের সর্বোপরি সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরবাসীকে দেশবাসীর সঙ্গে একাত্ম করতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনারা কখনওই মনে করবেন না আলাদা। আপনাদের সুখ-দুঃখ আমাদেরও সুখ-দুঃখ।’’ কাশ্মীরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ধুমধাম করে ঈদ পালনের কথাও বলেন মোদী।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.