ইমামের কক্ষ থেকে তিন মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মসজিদের এক ইমামের কক্ষ থেকে তিন মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন শিশুর মধ্যে ওই ইমামের ছেলেও রয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমাম জামাল উদ্দিনের কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। লাশ তিনটি থানায় নেয়া হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত ওই তিনজন হল মসজিদের ইমাম বরগুনার জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৮), মতলবের দশপাড়া এলাকার নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র ইব্রাহিম খলিল এবং মতলবের নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর মিলাদ শেষে মসজিদের ইমাম জামাল উদ্দিন তার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে রুম ভেতর থেকে বন্ধ পান। পরে ডাকাডাকি করে ভিতর থেকে কোনো সারা না পেয়ে রুমের জানালা দিয়ে দেখেন তার ছেলেসহ আরও দুই ছেলে খাটের ওপর পড়ে আছে।

জানালা দিয়ে তাদের ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রুমের দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর আরও একজন মারা যায়।

ওসি স্বপন কুমার আইচ বলেন, ‘আমরা খবর পেয়ে তিন ছাত্রের লাশ উদ্ধার করেছি। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

শুদ্ধস্বর/বিটি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.