হে মাধবীলতা,
তুমি আমার হৃদয় আঙ্গিনায় ছেয়ে আছ শৈশব থেকেই,
আমি তোমার হয়ে গেছি অনেক আগেই।
তুমি কী আমার হতে পেরেছ?
স্মৃতির জানালার গ্রিলগুলো নাড়াচাড়া করতে করতে,
যে নামটি মনের মণিকোঠায় ভেসে ওঠে সেই হলে তুমি,
তোমাকে পারবো না কখনো ভুলতে।
হে মাধবীলতা,
তুমি যদি মন থেকে ডাক দাও পেয়ে যাবে আমায়,
কোন গোধূলি লগ্নে বা নিস্তব্ধ রজনীতে তোমার তলায়।
বাসন্তী শাড়ী লাল চুড়ি পরে বকুল মালা গলে,
নিভৃতে নির্জনে আমি আসবো তোমারই কাছে।
তোমার পাপড়ি গুলোকে ছুঁয়ে ছুঁয়ে বলবো,
এই তো এসেছি,
তোমার লতা ফুল জড়িয়ে বিভোর হবো সৌরভে।
হে মাধবীলতা,
তুমি বলতে পারবে আমাকে?
আমি আজ তোমার জন্যই প্রস্ফুটিত হয়েছি,
থোকা থোকা ছেয়েছি ফুলে ফুলে,
ফুলে ফুলে সাজাবো তোমায় শৈল্পিক সোহাগে।
তুমি আমার সুবাস নিয়ে হারিয়ে যাও গভীরে,
আমি আজ ধন্য হলাম তোমার পরশে।


