জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন অনুপস্থিত বলেই পদে পদে ভোগান্তি হচ্ছে।
তিনি বলেন, প্রতিবছরই ঈদ যাত্রায় সাধারণ নাগরিক যেসব ভোগান্তির শিকার হয়, তা রোধে সরকারের পদক্ষেপ নেয়া জনগণের জন্য কোনো দয়া নয়, এটি জনগণের নাগরিক অধিকার।
বুধবার যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে ‘ঈদযাত্রায় দুর্ভোগ : আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
ট্রেনের টিকিট নিয়ে ড. মিজানুর রহমান বলেন, জনগণ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে পারছে না, কাউন্টার থেকে বলা হয় টিকিট শেষ। কিন্তু টেলিভিশনের স্ক্রলে দেখা যাচ্ছে ২৩ হাজার টিকিট এখনও অবিক্রীত। অন্যদিকে নতুন সংযোজন মোবাইলভিত্তিক অ্যাপসেও টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছে নাগরিকরা। এই জবাবদিহিতা কার কাছে পাওয়া যাবে?
তিনি আরও বলেন, যেভাবে প্রতিদিন বন্দুকযুদ্ধ চলছে সেখানে আদালতের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। জবাবদিহিতার জায়গায় আমরা একটা দুর্বল অবস্থানে আছি। এখানে জবাবদিহিতা একদম নেই। কারণ আইনের শাসন একদম প্রতিষ্ঠা করতে পারিনি।
তিনি বলেন, ন্যূনতম আইনের শাসন নিশ্চিত করা না গেলে নাগরিকদের নিরাপত্তা থাকে না।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন বলেছেন, প্রধান সড়কে নসিমন, করিমন শতভাগ বন্ধ করা সম্ভব নয়। কারণ, ছোট ছোট যাতায়াত মানুষের অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি বলেন, চট্টগ্রাম মহাসড়কে দুটি সেতু উদ্বোধন হওয়া ও টাঙ্গাইল মহসড়াকে ফ্লাইওভার চালু হওয়ায় এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির হবে। ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
শুদ্ধস্বর/আইপি

