বাড়ি-গাড়িসহ পদ ফিরিয়ে দেওয়াতেই কি হামলা-মামলার ষড়যন্ত্র: ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর মঙ্গলবার নিজের ফেসবুক পেজের এক পোস্টে লেখেন, “বাড়ি-গাড়ির অফার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদের অফার ফিরিয়ে দেওয়াতেই কি ছাত্রলীগ দিয়ে নূরের উপর ধারাবাহিকভাবে এই হামলা, মামলার ষড়যন্ত্র শুরু হয়েছে! তবে স্পষ্টভাবে জেনে রাখুন, নূর কোনো অপশক্তির সাথে আপস করবে না।”

এই পোস্টের সত্যতা যাচাইয়ে নূরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি গণমাধ্যমকে বলেন, “ছাত্রলীগের কমিটি হওয়ার আগে আমাকে বলা হয়েছিল যে, ছাত্রলীগের কমিটিতে পদ নিতে চাইলে সেক্ষেত্রে ১ নম্বর সহ-সভাপতি বা ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দেওয়া হবে। কিন্তু আমি তো সেটা গ্রহণ করিনি। কারণ ছাত্রলীগে ফেরার ইচ্ছা আমার নেই।”

তিনি বলেন, “বিভিন্ন মাধ্যমে আমার কাছে অফার আসছে, এর জন্য টাকা-পয়সা, গাড়ি-বাড়ি যা লাগবে তারা দেখবে, তাদের সাথে রাজনীতি করলে বা তাদের কথার বাইরে না গেলে।”

নুরকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদের প্রস্তাব দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, তার এই দাবি ‘অবান্তর’ ও ‘হাস্যকর’।

তিনি বলেন, তাকে কোন দুঃখে বা কোন সুখে ছাত্রলীগের পদ দেওয়া হবে?

নূরকে শারীরিক ও মানসিকভাবে ‘অসুস্থ’ বললেন ডাকসুর জিএস রাব্বানী।

নূর ‘ইমোশন’ দিয়ে রাজনীতি করতে চাইছেন অভিযোগ করে তিনি বলেন, কেউ একটা কথা বললে তার পক্ষে তো এভিডেন্স তাকেই দিতে হবে। একটা কথা মন চাইল বলে দিলাম, তার এ ধরনের কথার কি কোনো এভিডেন্স আছে?

প্রসঙ্গত, রোববার বিকাল ৫ টার দিকে বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ভিপি নুরসহ অন্তত ২০ জন আহত হন।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.