পশ্চিমবঙ্গের কবিতীর্থ চুরুলিয়াতে ১২০তম নজরুল জন্মজয়ন্তীর শুভ সূচনা

গতকাল ২৬শে মে, পশ্চিমবঙ্গের কবিতীর্থ চুরুলিয়াতে ১২০তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চুরুলিয়া নজরুল একাডেমি আয়োজন করেছে এক সপ্তাহব্যাপী ৪১তম নজরুল মেলার। সকালে প্রভাতফেরি ও কবির মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুভসূচনা হলো এই মিলনমেলার। একাডেমি ও গ্রন্থাগার সংলগ্ন রাস্তা ও দেওয়ালগুলি শোভিত হয়ে উঠেছে নজরুলের জীবনের বিভিন্ন ঘটনার অসামান্য অঙ্কন-আলেখ্যতে। বিকেলে পশ্চিমবঙ্গ সরকারাধীন তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করলেন বিশিষ্ট শিল্পী শ্রীমতি মানসী মুখোপাধ্যায়, শ্রী অরিত্র দাশগুপ্ত প্রমুখ। এরপর অন্যতম আকর্ষণ এক বর্ণাঢ্য আদিবাসী নৃত্যের তালে তালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচিত হলো মেলার সান্ধ্য অধিবেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রমবিভাগের রাষ্ট্রমন্ত্রী ড: নির্মল কুমার মাজি, দুর্গাপুরের মহানাগরিক শ্রী দিলীপ কুমার অগাস্তি, আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী সাধন চক্রবর্তী, চুরুলিয়া নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম, বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পী শ্রীমতি ফতেমা তুজ জোহরা, কলকাতার সঙ্গীতশিল্পী শ্রীমতি সোমঋতা মল্লিক, কোয়েস্ট ওয়ার্ল্ড সংস্থার কর্ণধার শ্রী স্বাগত গঙ্গোপাধ্যায় ছাড়াও বহু বিশিষ্ট মানুষ।
61554364_536707070066666_3829352279442456576_n.jpg
এই অনুষ্ঠানে নজরুল পুরস্কার পেলেন ড: তপন বাগচী, প্রমীলা পুরস্কার পেলেন শ্রীমতি মমতা চ্যাটার্জী, সব্যসাচী পুরস্কার পেলেন শ্রী অসীম মিশ্র, অনিরুদ্ধ পুরস্কার পেলেন শ্রী নীলোৎপল বেরা ও কাজী মোজাহার হোসেন স্মৃতি পুরস্কার পেলেন শ্রী দিলীপ কুমার অগাস্তি। এই চিত্তাকর্ষক অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট সঙ্গীতসংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হলো শিশু-কিশোরদের জন্য রচিত কাজী নজরুল ইসলামের ৫১টি কবিতার আবৃত্তি সিডি-সংকলন ‘ছোটদের নজরুল’, নিবেদনে ছায়ানট (কলকাতা), পরিকল্পনা ও পরিচালনায় সোমঋতা মল্লিক, প্রকাশনায় স্বাগত গঙ্গোপাধ্যায়। সিডি ফরম্যাট ছাড়াও, খুব শীঘ্রই ২৪০টি দেশে আইটিউন্স ও আমাজনের মতো সমস্ত ডিজিটাল প্লাটফর্ম ও কাজী নজরুল ইসলাম-সম্পর্কিত সমস্ত প্রকল্প-পণ্য সম্বলিত ওয়েবসাইট ‘নজরুল.ইন’-এ পাওয়া যাবে এই অ্যালবামটি। প্রসঙ্গত, কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত নজরুল-বিষয়ক সমস্ত সিডি-ডিভিডিগুলি পাওয়া যাবে চুরুলিয়া নজরুল একাডেমির কার্য্যালয়েও। সারারাত্রিব্যাপী চলতে থাকা অগণিত নজরুলপ্রেমী শ্রোতা পরিবেষ্টিত এই মনোজ্ঞ সাঙ্গীতিক অনুষ্ঠানে শিল্পী ছিলেন কলকাতার শ্রীমতি সোমঋতা মল্লিক, শ্রীমতি ছন্দা চক্রবর্তী, শ্রীমতি মাধবী মজুমদার, শ্রীমতি সোনালী গাঙ্গুলী, শ্রীমতি সোনালী কাজী পরিচালিত চুরুলিয়া নজরুল একাডেমির শিল্পীবৃন্দ, ছায়ানট কলকাতার শিল্পীবৃন্দ ও সৃজনী আবৃত্তি পরিষদের শিল্পীবৃন্দ প্রমুখ। এছাড়াও ছিল নানা শিল্পী পরিবেশিত আবৃত্তি, যন্ত্রসঙ্গীত ও নৃত্যানুষ্ঠান। মেলায় নানারকম খাবারদাবারের ষ্টল ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নজরুল-সম্পর্কিত বেশ কিছু বইয়ের সম্ভার। চুরুলিয়া নজরুল একাডেমি আয়োজিত এই মেলা চলবে ১লা জুন পর্যন্ত। বিশ্বব্যাপী আপামর নজরুলপ্রেমী মানুষের মিলনক্ষেত্র চুরুলিয়ার এই নজরুল মেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.