ওবায়দুল কাদেরকে ১৪ দলের শুভেচ্ছা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ১৪ দল।

শুক্রবার (১৭ মে) রাতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতারা ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ের সময় মোহাম্মাদ নাসিম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও দেশের কাজে ওবায়দুল কাদের সম্পূর্ণভাবে নিয়োজিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের সুস্থ হয়ে দেশে ফিরে আসায় মোহাম্মদ নাসিমসহ ১৪ দলের নেতারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এসময় অন্যান্যের মধ্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.