শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টুইটারে বলেন, ‘শ্রীলংকার সিরিজ বোমা হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ভয়াবহ হামলায় মানব জীবনের ক্ষতি আমাকে গভীরভাবে আঘাত করেছে। হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আমার ভাই ও বোনদের জন্য প্রার্থনা রইল। আসুন আমরা মানবতার কল্যাণে এক হই, সন্ত্রাসীদের পরাজিত করি।’
শ্রীলংকায় একযোগে গির্জা ও বিলাসবহুল হোটেলে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য। এমন নৃশংস হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।
টুইটবার্তায় বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, শ্রীলংকার সিরিজ বোমা হামলার খবর শুনে আমি অবাক হয়েছি। এই ক্ষত ভুলে যাওয়ারও নয়। শ্রীলংকার হতাহত মানুষের জন্য আমাদের দোয়া ও প্রার্থনা রইল।
শ্রীলংকায় হামলা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
রোববার দুপুর ৩টা ৩০ মিনিটে টুইট করেন তামিম ইকবাল। টুইটবার্তায় তামিম বলেন, ‘শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরণের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পৃথিবীতে কোন স্থান নেই। ঘটনায় নিহত এবং আহতদের প্রতি আমরা সহানুভূতি জানাই।’
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টুইট করে বলেন, ‘এই ধরণের খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত এবং হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। এসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে কোনো দেশই এখন আর নিরাপদ নয়।’
শুদ্ধস্বর/বিটি

