বহিস্কার হতে পারেন সুলতান মনসুর এবং মোকাব্বির খান

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নেবেন বলে জানানোয় তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের নেতাকর্মীরা। যদিও দলটির কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

শনিবার (২ মার্চ) সংবাদমাধ্যমে মনসুর-মোকাব্বিরের শপথ নেওয়ার সিদ্ধান্তের খবর ছড়ানোর পর বিকেলে গণফোরাম কার্যালয়ে দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিকের নেতৃত্বে নেতাকর্মীরা দু’জনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম পথিক গণমাধ্যমকে  বলেন, বিভিন্ন অনলাইন ও পত্রিকায় জানতে পারলাম আমাদের দলের টিকিটে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে আমরা দলীয়ভাবে তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছি।

এসময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন যুব গণফোরামের আহবায়ক কাজী হাবিব,  গণফোরামের যুব সম্পাদক রওশন ইয়াজদানি, সাংস্কৃতিক সম্পাদক খান সিদ্দিক, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।

এদিকে সুলতান মনসুর বলেন, আমি ৭ মার্চ শপথ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ওইদিন শপথ নেবো। শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

মোকাব্বির খান বলেন, ‘আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেবো। আমরা চিঠি দিয়েছি। এখন স্পিকার কবে সময় দেন, তার ওপর শপথ নেওয়া নির্ভর করবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.