কিছুটা হেলে পড়েছে বনানীর এফ আর টাওয়ার , সংস্কার ছাড়া ব্যবহার অযোগ্য ঘোষণা

রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের পর এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভিতরে কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সংস্কার না করা পর্যন্ত ব্যবহার করা যাবে না।

রবিবার সকাল ১১টার দিকে এফআর টাওয়ারের ব্যবহারের উপযোগিতা খতিয়ে দেখে বিশেষজ্ঞ তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিকভাবে এ মন্তব্য করেন।

কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের জানান, দেশের ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। ভবনে কলাম ও স্ল্যাব ভেঙেছে এবং এটি কিছুটা হেলেও পড়েছে। এই ভবন সংস্কারে কমপক্ষে তিন মাস লাগবে।

তিন মাস লাগার কারণ ব্যাখ্যা করে বুয়েটের শিক্ষক বলেন, ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। কেবল একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে ভবনটিতে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।

রাজউকের প্রধান প্রকৌশলী আবদুল লতিফ হেলালী জানান,পরিদর্শনে ভবনটির কংক্রিট ও অন্যান্য নির্মাণ সামগ্রী পরীক্ষা করে দেখা হবে।

ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.