কাদেরের শারীরিক সব প্যারামিটার ভালোর দিকে: মেডিকেল বোর্ড

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

আজ বুধবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করেন। ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা এক ভিডিও বার্তায় বাংলাদেশের গণমাধ্যমের কাছে তুলে ধরেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।

আবু নাসার বলেন, ‘আমরা আজ সাড়ে ১২টার সময় সিঙ্গাপুরের মেডিকেল টিমের সঙ্গে বসেছিলাম। খুব ভালো আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সব প্যারামিটার দিন দিন ভালোর দিকে যাচ্ছে। তাঁর কিডনি এখন খুব স্ট্যাবল আছে। ইনফেকশন অনেক কমে গেছে। ব্লাড টোন এখন ১২ হাজারে চলে এসেছে, ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কন্ডিশন, প্রেশার ও হার্টবিট খুব ভালো আছে।’

আবু নাসার বলেন, মেডিকেল বোর্ড আগামী দুই-এক দিনের ভেতর তাঁর যে আর্টিফিশিয়াল ডিভাইসগুলো লাগানো আছে, সেগুলো খুলে ফেলার চিন্তা করছে। হয়তো কাল কিছু খুলে ফেলবে এবং আগামী শুক্রবার বাকিগুলো হয়তো খুলে ফেলা হতে পারে।

ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

৪ মার্চ বিএসএমএমইউ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন ভারতের প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। ওই দিন বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.