বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে শুধু পুঁজি বা অবকাঠামো যথেষ্ট নয়। আইনের শাসনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো বিরূপ পরিস্থিতির মুখে পড়লে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

