‘দিদি’-র পরে এ বার ‘দাদা’র দাপট দেখল কলকাতা বইমেলা!

‘দিদি’-র পরে এ বার ‘দাদা’র দাপট দেখল কলকাতা বইমেলা!

উদ্বোধনী আসরে বইমেলার হয়ে জোরদার ব্যাট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতটাই যে, উদ্বোধনে বইমেলা হয়ে উঠেছিল মমতাময়। একা মমতারই সাতটি বই প্রকাশিত হয় ৩১ জানুয়ারি মেলার বোধনে। সেটা ছিল বৃহস্পতিবার। আর ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই বইমেলাকে কেন্দ্র করে তিন দিনের সাহিত্য উৎসবের সূচনায় পুরোভাগে দেখা গেল প্রাক্তন রাষ্ট্রপতি, সদ্য ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে।

এ দিন সাহিত্য উৎসবের মঞ্চটি যেন একই সঙ্গে হয়ে উঠেছিল ভারতরত্ন বঙ্গসন্তানের সংবর্ধনা মঞ্চও। আবার গুয়াতেমালা, কিউবার সাহিত্যিক-সাংবাদিক, রুশ দেশের প্রকাশনা-কর্তাদের সামনে প্রণববাবুই মেলে ধরলেন বাংলা ভাষা-সংস্কৃতির গরিমা। পশ্চিমবঙ্গ-বাংলাদেশের ২০ কোটি বাঙালি এবং উপমহাদেশ ও অন্যত্র ছড়িয়ে থাকা বঙ্গভাষীদের গল্প সকলকে শোনালেন তিনি।

বইমেলার ‘প্রিয় দাদা’ বলে প্রণববাবুর সঙ্গে মেলার বহু যুগের ঘনিষ্ঠ সম্পর্কের কথা মনে করালেন বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। প্রবাদবাক্য ‘কত ভঙ্গ বঙ্গদেশ, তবু রঙ্গে ভরা’র ধরতাই দিয়ে বলতে শুরু করেন প্রণববাবু। তাঁর কথায়, ‘‘বইমেলাও এখন বঙ্গজীবনের একটি প্রধান উৎসব।’’ এখন আর ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে সারা দিন কাটাতে পারেন না বলে তাঁর যে আফসোস হয়, তা-ও জানান প্রণববাবু। সূত্র আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.