আমাদের রাজপথে এসে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে হবেঃমেজর (অব.) হাফিজ

একমাত্র রাজপথে গণআন্দোলনেই কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একমাত্র উপায় দেখছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, নির্দোষ খালেদা জিয়ার মুক্তি এভাবে হবে না। আমাদের রাজপথে এসে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে হবে।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ বলেন, আজ সমাজে বৈষম্য প্রকট, দেশে আইনের শাসন নেই, বিচার ব্যবস্থা স্বাধীন না। এখন পর্যন্ত সাগর-রুনির বিচার হয় না, সেখানে নির্দোষ খালেদা জিয়ার মুক্তি এভাবে হবে না। আমাদের রাজপথে এসে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে হবে।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, গত ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন হয়নি। তড়িঘড়ি করে ভোট চুরির মোক্ষম সময় হিসাবে এখন ব্যবস্থা করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও শিক্ষার্থীদের ভোটের অধিকার কেড়ে নেয়ার আশঙ্কা করেন এই বিএনপি নেতা।

৩০ ডিসেম্বরের ভোটের চিত্র তুলে ধরে হাফিজ উদ্দিন বলেন, সদ্য জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। বিএনপি প্রার্থীদের প্রচার ও ভোটের মাঠে নামতে দেয়া হয়নি। ভোটের আগের দিন জালভোট দিয়ে ব্যালট ভরা হয়েছে। তাই এ সরকারের কোনো বৈধতা নেই। এই সংসদের কোনো বৈধতা নেই। সরকার সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতায় আছে।

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বিএনপি নেতা মোশাররফ হোসেন ও লায়ন আনোয়ার প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.