শুদ্ধস্বর রিপোর্ট । সিলেট-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিমের গাড়িবহরে পাথর ছুড়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় গণসংযোগ করে তাঁর গাড়িবহর সদরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
দিলদার হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, গণসংযোগ শেষে পাড়ুয়া এলাকায় এলে তাঁর গাড়িবহরে পাথর দিয়ে ঢিল ছোড়া হয়। একপর্যায়ে তাঁকে বহনকারী গাড়িসহ তিনটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় আশপাশ এলাকার মানুষজন এগিয়ে এলে পাথর ছোড়া বন্ধ হয়। লন্ডন প্রবাসী দিলদার হোসেন সেলিমের ভাই মুরাদ চৌধুরী জানান, দেশ থেকে তিনি টেলিফোনে এই হামলার খবর পেয়েছেন, তিনি বলেন নির্বাচনকে ঘিরে যা হচ্ছে তাতে তিনি শঙ্কার মধ্যে আছেন ।

