‘নির্বাচনের পরিবেশ এখনো নেই’, ‘শংকায় আছি, ভোট দিতে পারবো কিনা’, ‘আগ্রহ হারিয়ে ফেলছি’, ‘প্রার্থীই যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?’ বাংলাদেশে সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এই সহিংসতা নির্বাচনী পরিবেশের ওপর কি প্রভাব ফেলছে, ভোটাররা কতটা উদ্বেগ বোধ করছেন – এসব প্রশ্ন নিয়ে কয়েকজনের সাথে কথা বলে শোনা গেল এরকমই কিছু উত্তর।
৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের প্রচারাভিযান শুরু হতে না হতেই – রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রার্থীদের মিছিলে আক্রমণ, গাড়িবহরে হামলা, ভাংচুর-সংঘর্ষ ইত্যাদি ঘটনা ঘটছে। সরকারবিরোধী বিভিন্ন দলের বেশ কয়েক জন সিনিয়র রাজনৈতিক নেতাও এসব হামলায় আক্রান্ত হয়েছেন। উৎসবমুখর একটা নির্বাচনের যে আশা ভোটারদের ছিল – এসব হামলার খবরে কি ভোটাররা উদ্বিগ্ন ? কতটা নিরাপদ বোধ করছেন তারা এই পরিস্থিতিতে? জানতে কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে।
ঢাকার একটি আসনের ভোটার শান্তা আখতার। পেশায় চাকরিজীবী। আর কয়েকদিন পরেই নির্বাচন, তাই ভোটার হিসেবে নিজের ভোটটা দেয়ার উৎসাহ ছিল তার মধ্যে। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই যেভাবে প্রার্থীদের ওপর হামলা হচ্ছে তার খবর দেখে তিনি বলছেন, তিনি আতঙ্কিত বোধ করছেন।

“এখন যে অবস্থা সেটাতে করে যেকোন সময় একটা নাশকতামূলক অবস্থা তৈরি হতে পারে। তাই ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছি” – বলছেন এই নারী ভোটার।
শান্তা আখতার বলছিলেন – “রাজনৈতিক অবস্থা খুব একটা ভাল না সেটা আমরা জানি এবং দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে পুরুষ অভিভাবক রয়েছে তারা সবসময় চায় যেন আমরা একটা নিরাপদ জায়গায় থাকি।আরো ঢাকার আরেকজন নারী ভোটারও বলছিলেন – পরিবার থেকেই তাদের এখন একটা সতর্কতার মধ্যে থাকতে বলা হচ্ছে। সুত্র : বিবিসি.

