মান্না সাহেব একটু অপেক্ষা করুনঃ ওবায়দুল কাদের

৩০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে-নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, মান্না সাহেব একটু অপেক্ষা করুন।৩০ তারিখে বাংলার মানুষের রায়ে ভোট বিপ্লব হবে, তখন বুঝতে পারবেন আপনার ধারণা কতটা অবাস্তব।

বুধবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সরকার মানুষকে খেয়ে ফেলছে এবং ১০ তারিখের পর জনগণ রাস্তায় নামবে মান্নার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার কি ভূমিকা পালন করছে সেটা জনগণ ৩০ তারিখের ভোটে বুঝিয়ে দিবে।

বিরোধী নেতাদের আন্দোলনে নামার হুঁশিয়ারি নিয়ে কাদের বলেন, ১০ বছরে নামলো না, ১০ তারিখের পর আন্দোলন করবে। মনে হেরে গিয়ে আন্দোলন করবে, এই তো?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেখি না আন্দোলন করতে কে আসে? মানুষ না থাকলে তো আন্দোলন হয় না। মানুষের সাড়া নেই বলে, এই ১০ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, অসুস্থ পরিবেশ কোথায় সৃষ্টি হয়েছে এই নগরীতে? এই মুহূর্তে এই ঢাকা শহরে কোথায় পরিবেশ অসুস্থ? যেটুকু অসুস্থ হয়েছে সেটা পল্টনে তারা করেছে। আমি নিশ্চিত করে বলছি, আমাদের তরফ থেকে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে না।

‘আমরা কোনও বিশৃঙ্খলা করবো না, এ ব্যাপারে আমাদের নেত্রী নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছে। কিন্তু তারা যদি বিশৃঙ্খলা – নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রতিরোধ করতে হবে’-যোগ করেন কাদের।

বিজয়ের মাসে ভোট হওয়ায় বিএনপির মন খারাপ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এবার উৎসবের মতো ভোট হবে, এজন্য তাদের মনটা একটু খারাপ ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.