নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মত কিছু ঘটেনি: মানবাধিকার কমিশন চেয়ারম্যান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেয়াজুল হক বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো ঘটনা দেখিনি যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এবারের নির্বাচন বাঙালী জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই অংশগ্রহণমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন। যা বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জল করবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার মত এখনো কিছু ঘটেনি।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবীর, রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব, এডিসি. এনামুল কবীর, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিশনাল ডিআইজি) মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ করে যাবেন। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকেই মূল দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাসায় গিয়ে ঘুমাতে পারে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.