আইনশৃঙ্খলা প্রস্তুতি সর্বোত্তম ও চমৎকার রয়েছে : আইজিপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা নির্বাচন কমিশনকে (ইসি) জানালেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক করে তিনি এ পরিকল্পনা জানান। পরে সাংবাদিকদের আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা প্রস্তুতি বিগত যেকোনো সময়ের চেয়ে সর্বোত্তম ও চমৎকার রয়েছে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সে রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’

তিনি বলেন, ‘আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা সিইসি ও নির্বাচন কমিশনকে অবহিত করেছি। আমাদের সর্বশেষ অবস্থা-পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনা কমিশনের সঙ্গে শেয়ার করেছি।’ সিইসির সঙ্গে সাক্ষাৎকে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে উল্লেখ করেন আইজিপি। এ সময় পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই— বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ অবাস্তব বলে দাবি করেন তিনি। জাবেদ পাটোয়ারী বলেন, ‘শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে অনেক ঢালাও অভিযোগও করা হচ্ছে।’

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পুলিশের এই প্রতিনিধি দলে আরও ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.