অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক এই সদস্য উপেক্ষা করেছেন তীব্র শীত ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। গতকাল তার গাড়িবহর হামলার শিকার হয়। হামলার বিচার দাবিতেই তার এই অবস্থান ধর্মঘট। গতকাল দুপুর থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই অবস্থান করছেন। তাঁবু গেঁড়ে, লেপ নিয়ে সেখানেই রাত্রিযাপন করেছেন তিনি। সকালে তাঁবুতে আনা হয়েছে একটি চৌকি।

