শুদ্ধস্বর রিপোর্ট । আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট যদি সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব করে তাহলে সেটা নিয়েও আলোচনা হবে। আজ সোমবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যদি সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব তারা করে সেটা নিয়েও আলোচনা হবে। সরকার কোন চাপ অনুভব করছে না।
আগামী ৭ই নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের পুনরায় সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দল ও জোটের সাথে সংলাপের সার সংক্ষেপ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ঐক্যফ্রন্ট আজই নাম পাঠাবে। যেহেতু ছোট পরিসর, তালিকা ওরকমই হবে। সেটা দেখে আমাদেরটা ঠিক হবে। আলোচনার পরিসরও ছোট হবে কিনা তা এখনই বলা সম্ভব না।

