থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জবাবে প্রয়োজন রয়েছে এমন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সাক্ষাতে, বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ ধরনের সফর দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।
প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।
সাক্ষাতে, বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি যেসব রোগীকে নিয়মিত চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে এমন রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
এ ছাড়া, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখায় থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
সাক্ষাতে, রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.