বাংলাদেশ জাসদ কার্যালয়ে ইউপিডিএফ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

 

ঢাকা, ১১ আগস্ট ২০২৬: দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাসদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার ও বিভিন্ন সমস্যা এবং এসব বিষয়ে উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ বলেন, পাহাড়ের জনগণের গণতান্ত্রিক অধিকার এবং তাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার সংগ্রামের প্রতি দলটি সবসময় সমর্থন দিয়ে এসেছে। তারা বলেন, অতীতেও পার্বত্য এলাকার জনগণ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থীকে নির্বাচিত করেছে।

বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোর শান্তিপূর্ণ ও ন্যায্য সমাধান বাংলাদেশের রাষ্ট্রকাঠামোর অভ্যন্তরেই খুঁজে বের করতে হবে। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সব জাতিগোষ্ঠীর নিজস্ব বিকাশের অধিকারকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তারা মত দেন।

অন্যদিকে, ইউপিডিএফ নেতৃবৃন্দ পাহাড়ি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে বাংলাদেশ জাসদের ভূমিকার প্রশংসা করেন। তারা পাহাড়ি জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন মহলের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার পাশাপাশি জাতিগত বৈষম্যসহ সমাজের সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বাংলাদেশ জাসদের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, আনোয়ারুল ইসলাম বাবু ও এটিএম মহব্বত আলী।

ইউপিডিএফের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক অংসালা মারমা।

আলোচনা শেষে ইউপিডিএফ নেতৃবৃন্দ তাদের বিভিন্ন প্রকাশনা বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.