পাকিস্তান উপকূলে কার্গো জাহাজে হামলা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। তবে হামলায় জাহাজটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ওমান উপসাগরে পাকিস্তানের গোয়াদর বন্দরের কাছে জাহাজে হামলার এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক সতর্কবার্তায় জানায় সংস্থাটি। এমন অবস্থায় ইউকেএমটিও জাহাজগুলোকে সর্বশেষ সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং পরিস্থিতির পরিবর্তনের দিকে নজর রাখতে বলেছে।

সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে অবগত এবং তদন্ত চলছে। তবে ট্যাংকারটির বিষয়ে বিস্তারিত তথ্য বা ঘটনায় কেউ হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানানো হয়নি।

এরপর মঙ্গলবার দেয়া আরেকটি সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের আল-মোখা উপকূলে একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সংস্থাটি বলেছে, অজ্ঞাত কোনও বস্তু জাহাজটিতে আঘাত হানায় হতাহতের ঘটনা ঘটে। তবে কতজন আহত হয়েছেন, জাহাজটির নাম কী বা এর মালিক কে—এসব তথ্য জানানো হয়নি।

ইউকেএমটিও জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই পথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনও তৎপরতা দেখলে তা জানাতে বলা হয়েছে।

এর আগে একইদিন ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন চ্যানেল দাবি করে, হুথি গোষ্ঠী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে চ্যানেলটি জানায়, হামলায় জাহাজটির তিন নাবিক নিহত হয়েছেন। নিহত নাবিকদের দুজন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয়। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুথিরাও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই এসব ঘটনার খবর এলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.