রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নেই পালিত হল রথযাত্রা উৎসব। নজরকাড়া ভিড় দেখা গেল ঢাকায় ইসকনের স্বামীবাগ আশ্রমে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের রশিতে হাত ছোঁয়াতে সেখানে হাজির হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শক।
স্বামীবাগে ইসকনের কেন্দ্রীয় কার্যালয় এবং প্রধান মন্দির থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টেয় (স্থানীয় সময়) শুরু হয় জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথযাত্রা। বিডি নিউজ প্রকাশিত খবর জানাচ্ছে, শোভাযাত্রা জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে। তার পরে পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহিদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। হয় হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় ‘অগ্নিহোত্র যজ্ঞ’। রথ থেকে ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়।

