সুখ-দুঃখ, হাসি-কান্নার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তোফায়েলকে নিয়ে : সোহেল রানা

মৃত্যু কখনো কখনো শুধু একজন মানুষকে হারানোর বেদনা নয়, ফিরিয়ে আনে জীবনের বহু পুরোনো স্মৃতিও। বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে ঠিক তেমনই আবেগঘন স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা।

 

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় দীর্ঘদিনের বন্ধু তোফায়েল আহমেদের সঙ্গে কাটানো বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন তিনি।

সোহেল রানা লেখেন, “না ফেরার দেশে চলে গেলেন বন্ধু বর তোফায়েল আহমেদ। সুদীর্ঘ ৬টি বছর ইকবাল হলে কেটেছে পাশাপাশি দুটি রুমে। সুখ-দুঃখ, হাসি-কান্নার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে তোফায়েলকে নিয়ে।”

 

তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করেন সোহেল রানা। তার ভাষায়, “মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক, তোফায়েল, সিরাজ ভাইয়ের প্রিয় তোফায়েল, বঙ্গবন্ধুর প্রিয় তোফায়েল, ইকবাল হলের আমার অন্যতম প্রিয় বন্ধু তোফায়েল শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সেই দিনগুলোর কথা স্মরণ করে সোহেল রানার স্ট্যাটাসের কমেন্ট সেকশনে অনেককেই মন্তব্য করে শোক প্রকাশ করেছেন। স্ট্যাটাসের শেষ অংশে প্রয়াত বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে সোহেল রানা লেখেন, “আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.