নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষ হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আর এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।

এ আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। সে সময় আজ ২ মে তা বাছাইয়ের কথা জানানো হয় এবং রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান নুসরাত তাবাসসুমকে এ-সংক্রান্ত চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে বর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তাঁর প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

এর আগে ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। পরে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.