২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার) সালের পর ২০২৬ বিশ্বকাপেও খেলা হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। আর এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা।
গতকাল বৃহস্পতিবার রোমে এফআইজিসির জরুরি মিটিংয়ে পদত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এফআইজিসি।
বিবৃতি বলা হয়েছে, গ্রাভিনার শূন্যস্থান পূরণ করতে ২২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভাবা হচ্ছে জিওভানি মালাগোকে। মালাগো এর আগে লম্বা সময় ইতালিয়ান অলিম্পিক কমিটির দায়িত্ব পালন করেছেন।
বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হারার পর অনুষ্ঠিত হওয়া জরুরি মিটিংয়ে উপস্থিত ছিলেন সিরি আ প্রেসিডেন্ট ইজিও সিমোনেলি, সিরি বি প্রেসিডেন্ট পাওলো বেদিন, সিরি সি প্রেসিডেন্ট মাতেও মারানি, অ্যামেচার লিগ প্রেসিডেন্ট জিয়ানকার্লো আবেতে, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান উমবার্তো ক্যালক্যাগনো ও কোচদের সংগঠনের প্রধান রেনজো উলিভিয়েরি।
তবেঁ, এফআইজিসিতে পরিবর্তনের আভাস মিলছিল আগে থেকেই। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ফেডারেশন পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল ইতালি সরকার।
এদিকে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আন্দ্রেয়া আবোদি দল ও কোচের প্রচেষ্টার প্রশংসা করলেও স্পষ্টভাবে বলেন, ‘ইতালিয়ান ফুটবলের পুনর্গঠন এখন জরুরি এবং তা শুরু করতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় গ্রাভিনার পদত্যাগ।’
প্রসঙ্গত, ইতালির বর্তমান কোচ গান্নারো গাট্টুসো। তার সহকারী কোচ লুইজি রিসিও, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লিওনার্দো বোনুচ্চি, গোলকিপিং কোচ রবার্তো পেরোনো ও ক্রিস্টিয়ানো লুপাতেল্লি। এই পদগুলোতেও পরিবর্তন আসে কি না, দেখার বিষয়।
উল্লেখ্য, ২০১৮ সালে সর্বোচ্চ পদটিতে আসীন হয়েছিলেন গ্রাভিনা। তার সময়কালে ইতালি ২০২০ ইউরো জিতেছিল।

