ফ্রান্সে আদিবাসী জুম্মদের ঐতিহ্যবাহী উৎসব “বৈসু–সাংগ্রাই–বিঝু–বিষু” উদযাপিত

“সংস্কৃতিতে শিকড়, ঐক্যে উত্থান” এই স্লোগানে ফ্রান্সে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত “বৈসু–সাংগ্রাই–বিঝু–বিষু”

শিল্প, সাহিত্য ও সৌন্দর্যের দেশ ফ্রান্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রাণের উৎসব বৈসু–সাংগ্রাই–বিঝু–বিষু। “সংস্কৃতিতে শিকড়, ঐক্যে উত্থান”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে ফ্রান্সে বসবাসরত আদিবাসী জুম্ম সম্প্রদায়ের পাশাপাশি ফরাসি নাগরিকদেরও ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন La Voix des Jummas সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ডমিনিক ক্লোচন, স্থানীয় সিটি মেয়রের প্রতিনিধি, সমাজসেবী দীপ্তি চাকমা, AJHA সভাপতি আর্টিস্ট সুনীতি চাকমা ও LVJ উপদেষ্টা সমাপ্তি চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

তিন পর্বে আয়োজন

আয়োজকেরা পুরো অনুষ্ঠানটি তিনটি পর্বে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন।

প্রথম পর্ব: ঐতিহ্যিক আচার

উৎসবের সূচনা হয় লোয়াং নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে। প্রকৃতি, নদী ও মাতৃসত্তার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে এই আচার জুম্ম সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব বহন করে। সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট রেমি ফ্লেগিয়ের চাকমার তত্ত্বাবধানে গঙ্গা মা’কে উদ্দেশ্য করে ফুল অর্পণের মাধ্যমে বিঝু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দ্বিতীয় পর্ব: ঐতিহ্যবাহী খাবার

পরবর্তী পর্বে পরিবেশন করা হয় বিঝুর ঐতিহ্যবাহী খাবার পাজনসহ নানা সুস্বাদু পদ। এই খাবারের আয়োজন অতিথিদের মধ্যে উৎসবের আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য আরও ঘনিষ্ঠ করে তোলে।

তৃতীয় পর্ব: সাংস্কৃতিক সন্ধ্যা

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, স্যাক্সোফোন পরিবেশনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং লটারিসহ নানা আয়োজন দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ আকর্ষণ

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পার্বত্য চট্টগ্রাম থেকে আগত প্রখ্যাত নৃত্যশিল্পী টিটু (শোভন দেওয়ান)। তার পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

সাংস্কৃতিক আয়োজনে উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিল—

উদ্বোধনী দলীয় নৃত্য পরিবেশন করেন টিটু দেওয়ান, উলাচিং মারমা, ঝিমিলানী ও রিয়া,  চাকমা দলীয় সংগীত, ডুয়েট নৃত্যে উলাচিং মারমা ও রিয়া চাকমা, একক সংগীত রাগ্গি চাকমা ও রিনা দেওয়ান মিলি, মারমা সাংগ্রাই ও ময়ূর নৃত্য, শিশু শিল্পী লুসিয়ান জুরি চাকমার পরিবেশনা, ডুয়েট গান করেন জাফরানি চাকমা ও হুগো, ফরাসি শিল্পী আরনোর স্যাক্সোফোন পরিবেশনা, সমাপনী দলীয় নৃত্য করেন শায়রী, ইনেচ ও ঝিমিলানি।

দক্ষ সঞ্চালনা

অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ দেওয়ান ও শায়রী। তারা ফরাসি, ইংরেজি ও চাকমা—এই তিন ভাষায় সাবলীলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রবাসে সংস্কৃতির বন্ধন

আয়োজকেরা জানান, এই আয়োজন কেবল একটি উৎসব উদযাপন নয়; বরং প্রবাসে বসবাসরত আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতিফলন। ফ্রান্সের মাটিতে এমন আয়োজন প্রমাণ করে, সংস্কৃতি ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়—বরং তা বিশ্বের নানা প্রান্তে মানুষের হৃদয়কে একসূত্রে গেঁথে রাখে।

রাকিবুল ইসলাম, ফ্রান্স প্রতিনিধি, শুদ্ধস্বর ডটকম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.