১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত; গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙক্ষাকে ধারণ করবে সরকার। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ।

এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি।

কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.