ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। ঘাঁটিগুলো বন্ধ করা না হলে তাদের ওপর হামলা চলমান থাকবে।
আজ বৃহস্পতিবার প্রথম ভাষণে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা। বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। দেশটি কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এ হামলা অব্যাহত থাকবে।
আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘আমরা শত্রুর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করব, যদি তারা না দেয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করব, সেটা সম্ভব না হলে আমরা তাদের সমপরিমাণ সম্পত্তি ধ্বংস করব।’
ইরানের সর্বোচ্চ নেতা টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের ডাক দিয়ে আরও বলেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।’
ইরানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি আরও বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন। আমাদের দেশ যখন চাপ এবং আক্রমণের মুখে, তখন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।’

