ফ্রান্সের উবারভিলিয়ে শহরে আগামী ১৫ ও ২২ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচন। এই নির্বাচনে বামপন্থী প্যানেলের পক্ষে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাবিলা জেব্বারি (Nabila Djebbari)। তাঁর নির্বাচনী প্যানেলে কমিশনার প্রার্থী হিসেবে বাংলাদেশি কমিউনিটি থেকে মনোনীত হয়েছেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কিরণ্ময় মন্ডল।

উল্লেখ্য, ফ্রান্সে বাঙালিদের অন্যতম বৃহৎ বসতির শহর উবারভিলিয়ে। এই শহরের চলমান পৌর নির্বাচনে বিভিন্ন প্যানেলের মধ্যে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে কিরণ্ময় মন্ডল কমিশনার পদে মনোনয়ন পাওয়ায় উদীচীসহ পুরো বাঙালি কমিউনিটির মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নাবিলা জেব্বারির সঙ্গে উবারভিলিয়ে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় নাবিলা জেব্বারি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও উপস্থিতদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

সভায় উপস্থিত কমিউনিটির সদস্যরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরলে নাবিলা জেব্বারি জানান, নির্বাচনে তাঁদের প্যানেল জয়ী হলে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
মতবিনিময় সভায় কমিশনার প্রার্থী কিরণ্ময় মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন সলিমুল্লাহ সিদ্দিকী রানা, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন হাওলাদার, সুশীল সিংহ, ফাহাদ হোসেন রিপন, দুলাল চন্দ মিশেল, রাকিবুল ইসলাম এবং শ্রেয়া চন্দ দাসসহ কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী।
সভায় কমিশনার প্রার্থী কিরণ্ময় মন্ডল উবারভিলিয়ে বসবাসরত সকল বাংলাদেশিকে আসন্ন পৌর নির্বাচনে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

