ফ্রান্সের রাজধানী প্যারিসের প্লাস দ্য লা বাস্তিল (Place de la Bastille) চত্বরে অনুষ্ঠিত হলো প্রবাসী বাঙালিদের বহুল প্রত্যাশিত বাণিজ্য মেলা ‘ঈদ বাজার ২০২৬’। প্রবাসী সংগঠন Solidarités Asie France (সাফ) আয়োজিত এই মেলাটি ছিল টানা সপ্তম আয়োজন।
১৪ মার্চ আয়োজিত এই মেলায় সকাল থেকেই প্যারিস ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাঙালিদের আগমন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই মেলা প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। আয়োজকদের মতে, প্রবাস জীবনের ব্যস্ত ও একঘেয়ে দিনযাপনের মাঝে এমন আয়োজন প্রবাসীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার উদ্বোধনী পর্বে সাফের সভাপতি Noyon N K স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ঈদের আগমুহূর্তে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে প্রতিবছরই এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়।
মেলায় ছিল প্রায় পঞ্চাশের বেশি স্টল। এসব স্টলে দেশীয় বিভিন্ন পোশাক, ঐতিহ্যবাহী খাবার ও নানা ধরনের হস্তশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হয়। বিশেষ করে ঘরোয়া পরিবেশে তৈরি আচার, পিঠা ও ভর্তার প্রতি দর্শনার্থীদের আগ্রহ ছিল লক্ষণীয়।
এ ছাড়া মেলায় বড়দের জন্য কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল। শিশুদের জন্যও রাখা হয় নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম, যা পরিবারসহ আগত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।
মেলায় অংশ নেওয়া দর্শনার্থীদের অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেন। আট বছর ধরে ফ্রান্সে বসবাসকারী সেলিম ভূঁইয়া বলেন, প্রথমবারের মতো তিনি এই মেলায় অংশ নিয়েছেন। প্রবাস জীবনের একাকীত্বের মাঝে এত বাঙালির মিলনমেলায় উপস্থিত থাকতে পেরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।
আরেক দর্শনার্থী শিক্ষার্থী আয়মা নূর জানান, পড়াশোনা ও কাজের ব্যস্ততায় প্রবাস জীবনে অবসর সময় খুবই কম পাওয়া যায়। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে এসে তিনি যেন কিছুটা স্বস্তি ও আনন্দ খুঁজে পেয়েছেন।
মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। দেশীয় পোশাক, খাবার ও সংস্কৃতির বৈচিত্র্য দেখে অনেক বিদেশি দর্শনার্থী মুগ্ধতা প্রকাশ করেন।
সারাদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলা এই আয়োজন সন্ধ্যা আটটার দিকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও আরও নতুনত্ব নিয়ে এই আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজনে সহযোগিতার জন্য সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানানো হয়।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

