’
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গত ৭ মার্চ যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এর উপেন্দ্রকিশোর সভাগৃহে ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে শতাধিক শিল্পী গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানের সূচনায় তিনি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের নারীভাবনা নিয়ে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। এরপর ছায়ানট (কলকাতা)-এর শিল্পীদের কণ্ঠে সমবেত সঙ্গীত হিসেবে পরিবেশিত হয় ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ এবং নজরুলগীতি ‘দুর্গম গিরি কান্তার মরু’, যা অনুষ্ঠানের আবহকে আরও উদ্দীপিত করে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মান প্রদান করা হয় রবীন্দ্র-গবেষক ড. মীনাক্ষী সিংহ, ভাস্কর অলকানন্দা সেনগুপ্ত এবং চলচ্চিত্র পরিচালক ও কবি শতরূপা সান্যাল-কে। বর্তমান সমাজে নারীদের অবস্থান, সংগ্রাম ও সম্ভাবনা নিয়ে তাঁদের সুচিন্তিত বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

বিশেষ দিনটিকে স্মরণ করে কবিতা আবৃত্তি করেন সুকন্যা রায়, রাজশ্রী বসু, অনিন্দিতা ঘোষ, আশিস বরণ মল্লিক, ড. বৈশাখী দাস, মিতালী মুখার্জী, নিন্নিশা তালুকদার, দেবীমিতা বসু বেরা, মৌমিতা ঘোষ, ববিতা গাঙ্গুলি, শর্মিষ্ঠা রায়, শিউলি ভট্টাচার্য, মাধবী দে, সুচিতা ভট্টাচার্য্য, সায়ন্তনী বসু, সোমা রায়, দীপাঞ্জলি দেব, সুমেকা চ্যাটার্জী এবং ভাগ্যশ্রী ঘোষ।
এছাড়াও সঙ্গীত ও কবিতায় দলীয়ভাবে অংশগ্রহণ করেন সুরমূর্চ্ছনা, নবমূর্ছনা, গড়িয়া দীপালোক এবং ‘ছন্দ ও সুরের ক্যানভাস’-এর শিল্পীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীতমা মুখোপাধ্যায়। নারীশক্তির জাগরণ ও সৃজনশীলতার উজ্জ্বল প্রকাশে এই আয়োজনটি উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়।

