ফ্রান্সের উবারভিলিয়ে শহরের স্পেস রনদি মিলনায়তনে শনিবার (২১ মার্চ ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো পঞ্চকবির স্মরণে এক সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে বাংলা সাহিত্যের পঞ্চকবিকে স্মরণ করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের পাঁচ প্রবাদপ্রতিম স্রষ্টা—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়কে। তাঁরা কবি হওয়ার পাশাপাশি গীতিকার, সুরকার ও গায়ক হিসেবেও সমান খ্যাত।
অনুষ্ঠানের সূচনা করেন উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার। শুরুতেই পঞ্চকবির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। এরপর রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল কর মঙ্গল করে’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।

শিল্পী ও কলাকুশলীদের পরিচয়পর্ব যৌথভাবে উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ রোমানা আফরোজ ও সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা বড়ুয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিরণময় মণ্ডল ও শার্মিষ্ঠা বড়ুয়া।
অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন সহসভাপতি রোজী মজুমদার। সহযোগিতায় ছিলেন সুস্মিতা বড়ুয়া। নৃত্য পরিচালনায় ছিলেন জিএম শরিফুল ইসলাম এবং যন্ত্রসংগীত নির্দেশনায় ছিলেন সাগর বড়ুয়া। প্রযুক্তি পরিকল্পনায় দায়িত্ব পালন করেন সাখাওয়াত হোসেন হাওলাদার।
এ আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ ছিল উদীচী পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শিশু শিল্পীদের অংশগ্রহণ। তারা নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও উদীচীর শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় অংশ নেন। সমবেত পরিবেশনা ও একক পরিবেশনার মধ্য দিয়ে পঞ্চকবির সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি কিরণময় মণ্ডল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

